বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল যশোর সেনানিবাসে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সিগন্যালস কোরের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। সেনাবাহিনী প্রধান সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এস এম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেন্টারের নতুন রানিং ট্র্যাকের উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি সিগন্যালস কোরের শহীদদের সম্মানে নির্মিত অমরপ্রাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্মেলনে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর
