ইউএনওর ওপর হামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৯ মে ২০২৩, ১১:৪২ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়। ৯ মে স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর কার্যক্রমে বাধা প্রদান, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকায় স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

গত ৪ মে আশিকুর রহমান চৌধুরী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা তার ওপর হামলা করে। এ ঘটনায় করা মামলায় পুলিশ ইতিমধ্যে ইউপি চেয়ারম্যান তপনকে গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত