আচরণবিধি মানতে দুই প্রতিমন্ত্রীকে চিঠি ইসির

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:০৬ এএম

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে শ্রম প্রতিমন্ত্রী বেগম মনুœজান সুফিয়ান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এই চিঠি পাঠান।   

চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবার সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ যথাযথভাবে প্রতিপালন প্রয়োজন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আগামী ১২ থেকে ১৪ মে খুলনায় তার কর্মসূচি রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে তার বাসায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। একই সময়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুলনা সফর করবেন। এ কারণে তার কাছেও চিঠি পাঠানো হয়েছে।   

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন সাংবাদিকদের বলেন, আচরণবিধি মেনে যাতে তারা সরকারি প্রোগ্রাম করেন সেই সহযোগিতা চেয়ে দুই প্রতিমন্ত্রীর পিএসকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন আচরণ বিধিমালা মানার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত