ক্র্যাব’র সাবেক সাধারণ সম্পাদক আজহারের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৩, ০৩:২৬ এএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও ক্যাম্পাস লাইভের প্রধান সম্পাদক আজহার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আজহার মাহমুদ সম্প্রতি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।

আজহার মাহমুদ ভয়েস অব আমেরিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে একে একে দৈনিক বাংলা বাজার, দৈনিক মানবজমিন, বৈশাখী টেলিভিশন ও বিটিভিতে সুনামের সঙ্গে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যাম্পাস লাইভের প্রধান সম্পাদক ছিলেন।

আজহার মাহমুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্র্যাব। সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা আজহার মাহমুদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

গতকাল রাত সাড়ে ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আজহার মাহমুদের জানাজা হয়। গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে তাকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত