এস্পানিওলকে হারালেই লা লিগা শিরোপা নিশ্চিত জেনেই একই শহরের ক্লাবের মাঠে খেলতে গিয়েছিল বার্সিলোনা। রবার্ট লেভানডফস্কির জোড়ায় ৪-২ গোলে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে চার বছর লা লিগা জয়ের উদযাপনটা প্রতিপক্ষের মাঠে করতে পারেনি রবিবার। করবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই। বাকি চার ম্যাচের দুটি নিজেদের মাঠে বার্সিলোনার।
খেলার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে বার্সা। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে ফেলে তারা, ৫৩ মিনিটের মধ্যে করে চার গোল। ১১ ও ৪০ মিনিটে দুটি গোল করে লেভানডফস্কি বার্সেলোনায় প্রথম লিগে তার গোল সংখ্যাকে উন্নীত করেন ২১-এ। মাঝে একটি গোল করেন আলেহান্দ্রে বালদে। ৫৩ মিনিটের গোলটি জুলস কুন্দের। এরপর এস্পানিওল দুটি গোল করলেও বার্সার তাতে কিছু আসে যায়নি। ৩৪ ম্যাচে ২৭তম জয়ে বার্সার পয়েন্ট পৌঁছেছে নিরাপদ ৮৫ পয়েন্টে, যা রিয়াল ৪ ম্যাচ জিতলেও ছুঁতে পারবে না।
২৭তম লা লিগা শিরোপা দিয়ে খেলোয়াড়ের পর কোচ হিসেবেও স্মরণীয় এক সাফল্য পেলেন জাভি। ৮ বছর আগে ২০১৫ সালে ট্রেবল জিতে কান্নাভেজা চোখে জাভি যখন বার্সা ছেড়েছিলেন, তখন কি ভেবেছিলেন একদিন বার্সাকে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জেতাবেন! ২০২১ এর নভেম্বরে কাতারের আল সাদের দায়িত্ব ছেড়ে প্রিয় ক্লাবের দায়িত্ব নেন জাভি। তার আগেই লিওনেল মেসিকে হারানো ১৩ ম্যাচের মাত্র চারটি জিতে পয়েন্ট টেবিলে ধুঁকছিল বার্সা। চলে গিয়েছিল শীর্ষ ছয়ের বাইরে। সেখান থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে আনেন দলকে জাভি। এবার শিরোপা জয়ের পেছনে দল যে পরিশ্রম করেছে সেটির কথাই বলেছেন জাভি ম্যাচ শেষে, ‘দুর্দান্ত অনুভূতি। দারুণ কাজ করেছি আমরা। এটা শুরু হয়েছিল গত জুলাইয়ে। ১০ মাস পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। ক্লাব আর সমর্থকদের এটা প্রাপ্য।’ মৌসুমের শুরু থেকেই নানা সমালোচনা শুনতে হয়েছে জাভিকে। তবে তার মতে ভালো কাজ করতে থাকলে দিন শেষে পুরস্কার মিলবেই। ‘অনেক ভুগতেও হয়েছে আমাদের। এই ক্লাবে সমালোচনার অভাব নেই। আশা করি, এখন কাজের মূল্যায়ন হবে। আমি জানি, এখানে কীভাবে কাজ করতে হয়। খেলোয়াড় হিসেবেও ব্যাপারটি একই ছিল। স্পেনে সমালোচনা স্বাভাবিক ব্যাপার। দিনশেষে ভালো কাজ করলে পুরস্কার মিলবেই।’
শিরোপা জয়ের দিন বার্সেলোনার রাস্তায় উঠেছিল মেসি মেসি রব। সমর্থকরা শিরোপা উদযাপনের সময় মেসি মেসি বলে সেøাগান দেন। আগামী মৌসুমে মেসিকে দলে চাইছে সমর্থকরা। মেসি ও বার্সার লিগ শিরোপা নিয়ে একটি মজার তথ্য হলোÑ ১৯৯৮-৯৯ এরপর এবারই প্রথম মেসিকে ছাড়া লিগ শিরোপা জিতল বার্সেলোনা। ১৯৯৮-৯৯ এ মেসি ছিলেন না। এরপর বার্সেলোনা আবার শিরোপা জিতেছিল ২০০৪-০৫ এ। তখন থেকে নিয়মিত দলের সঙ্গে ছিলেন মেসি। বার্সার সঙ্গে জেতেন মোট ১০ লিগ শিরোপা।
রবিবার ড্রেসিং রুমে খেলোয়াড়দের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ দেওয়া বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেছেন, ‘মেসিকে বার্সেলোনায় ফেরাতে সম্ভাব সবকিছুই করব আমরা।’
