ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম। গতকাল বৃহস্পতিবার সকালে ওমানের রাজধানী মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসা বিমানের বিজি-১২২ ফ্লাইট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন। তিনি বলেন, বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরায় ৭টি স্বর্ণের বার উদ্ধার : ভারতে পাচারকালে সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
লে. কর্নেল আশরাফুল বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নে একটি ইটভাটাসংলগ্ন এলাকায় চোরাচালানিদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
