৩৫১ কেন্দ্রে ঝুঁকি ভোট পর্যবেক্ষণে ইসির সেল

আপডেট : ২৪ মে ২০২৩, ০৪:৫১ এএম

শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৩৫১টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি জানান, এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজর রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া ভোট পর্যবেক্ষণে কমিশন একটি সেল গঠন করেছে। এই সেল আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ২৫ মে অনুষ্ঠেয় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আলমগীর বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা যে করবে, সে যেই দলের বা যেই হোক না কেন, তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। অনিয়মের মাত্রার ওপর শাস্তিমূলক ব্যবস্থা কী নেওয়া হবে, তা নির্ভর করবে ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনিয়মের মাত্রার ওপর শাস্তি নির্ভর করবে।

তিনি বলেন, ৫৭টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবেন ৭৪ জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবে। সেখানে র‌্যাবের ৩০টি টিম থাকবে। বিজিবি প্রায় ১৩ প্লাটুন থাকবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স পুলিশের ১৯টি ও মোবাইল টিম হিসেবে ৫৭টি টিম থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ ও সাধারণ কেন্দ্রে ১৬ জনের ফোর্স থাকবে।

তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে।

ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনের আইডিয়া (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে প্রধান করে সাত সদস্যের এই সেল গঠন করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরার (মোট ৪ হাজার ৪৩৫টি) মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি। এ ক্ষেত্রে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশাল স্ক্রিনে ভোটের পরিস্থিতি দেখবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, সিসি ক্যামেরায় কোনো অনিয়ম দেখতে পেলে গাইবান্ধা নির্বাচনের চেয়েও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন পর্যবেক্ষণ সেলের অন্য সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; বিজিবি/র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব/আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত