জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে ২৫, ২৬ ও ২৭ মে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার কবি নজরুলের বিদ্যাপীঠ সরকারি নজরুল একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমিন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুলের নাতনি খিলখিল কাজী।
