অনেক থানার ওসি চুরির মামলা নিতে চান না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিবিপ্রধান বলেন, অনেক থানার ওসি মনে করেন, চুরির মামলা নিলে খুঁজতে হবে, কষ্ট করতে হবে। এ কারণে অনেকে মামলা নিতে চান না। তবে আবার অনেকে (ওসি) কষ্টও করছেন। আবার মোটরসাইকেল চুরি হলে অনেক ভুক্তভোগী মামলার পরিবর্তে জিডি করেন। থানায় মামলা নিতে না চাইলে গোয়েন্দা কার্যালয়ে এলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
অতিরিক্ত এই কমিশনার আরও বলেন, ডিবির একটি টিম ঢাকার কয়েকটি এলাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে ১২টি চোরাই মোটরসাইকেলসহ জাকারিয়া হোসেন হৃদয়কে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে সে মোটরসাইকেল চুরি করে আসছিল। ২৫-৩০ সেকেন্ডের মধ্যে সে মোটরসাইকেল চুরি করতে পারদর্শী।
