বিমান বাংলাদেশ এয়ারলাইনসের খাবারের বক্সে মরা তেলাপোকা পাওয়ার দাবি করেন এক যাত্রী। এ বিষয়ে বিমান কর্র্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেন তিনি। এ ঘটনার তদন্ত শুরু করেছে বিমানের জন্য খাবার তৈরি করা প্রতিষ্ঠান বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)। বিমান ছাড়াও বিএফসিসি ইজিপ্ট এয়ার ও জাজিরা এয়ারওয়েজের জন্য খাবার প্রস্তুত করছে।
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার ব্যাংকক থেকে ঢাকায় আসা বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৮৯) খাবারের বক্সে তেলাপোকা পাওয়ার ওই ঘটনা ঘটে। খাবারের প্যাকেটে সাদা পোলাও ও মুরগির মাংসের কারি ছিল। ওই খাবার খাওয়ার সময় ২৬-সি নম্বর সিটে থাকা যাত্রী খাবারের বক্সে একটি মরা তেলাপোকা পান। তিনি কেবিন ক্রুদের জানান। এ বিষয়ে তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করে ক্রু ওই যাত্রীকে খাবারের একটি নতুন প্যাকেট দেন। একই ঘটনা লিখিতভাবে বিএফসিসিকেও জানান ফ্লাইটের ক্রুরা। পাশাপাশি ওই যাত্রীও আলাদাভাবে অভিযোগ করেন।
এ বিষয়ে বিএফসিসির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা ইকবাল আহমেদ আলী বলেন, ‘বিএফসিসি অত্যন্ত সুনামের সঙ্গে যাত্রীদের খাবার সরবরাহ করে আসছে। বিমানের পাশাপাশি বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা আরও দুটি এয়ারলাইনসকেও খাবার দেওয়া হচ্ছে। কখনো এমন ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘খাবার যখন রান্না করা হয় তখন যদি তেলাপোকা যেত তাহলে সেটি তাপে গলে যেত। এটি রান্নার সময় হয়নি। আমরা যখন খাবারে তেজপাতা, কিশমিশের মতো উপকরণ ছিটাই তখনো অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে ছিটানো হয়। পরিবেশনের সময়ও দেখে দেখে বক্সে খাবার ঢোকানো হয়। তেলাপোকাটি কোন পর্যায়ে পড়েছে তা নিশ্চিত হতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির তদন্তের পাশাপাশি ফ্লাইটের খাবার তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
