জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। রবিবার (২৮ মে) দুপুর পর্যন্ত পৌর শহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া ও জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের বেওয়ারিশ কুকুর তাদের ওপর আক্রমণ চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিকে হাসপাতালে ভ্যাকসিন সংকট রয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম আজিব।
পৌর শহরের জিগাতলা এলাকার আব্দুল কাদের তরফদার দুলাল বলেন, ‘সকালে নাস্তা করে বাসায় ফিরছিলাম। এমন সময় আমার সামনে একজনকে কুকুরে কামড় দিয়েছে তা খেয়াল করিনি। তাকে ছেড়ে দিয়ে আমাকে এসে আক্রমণ করে। আমার পা ও হাতে কামড় দেয়।
একই এলাকার মিন্টু মিয়া বলেন, দোকান থেকে ফেরার পথে একটি কুকুর আমার ওপর আক্রমণ করে। পরে হাসপাতালে চিকিৎসা নিতে যাই। হাসপাতাল থেকে আমাদের ভ্যাকসিন ও ঔষধপত্র কোন কিছুই দেয়নি। সব ওষুধ আমাদের কিনতে হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাজিব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫জনের মতো চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন।