ব্যয় কমাতে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলের

কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে প্রতি বছরের চাকরির জন্য এক মাসের বেতন দিচ্ছে গুগল।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের কারণে ব্যয় বেড়ে যাওয়ায় কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। চলতি বছরের জুনে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কয়েকটি দেশের কর্মীদের জন্য এ সুযোগ চালু করে প্রতিষ্ঠানটি। তবে কতজন কর্মী এ প্রস্তাব গ্রহণ করেছেন, তা জানা যায়নি। খবর রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সকে গুগল জানিয়েছে, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির কয়েকটি বিভাগে বেতনসহ স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচি চালু করা হয়েছিল। পরে গত জুনে কয়েকটি দেশে এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়। ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই খাতে গুগলের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ওয়াল স্ট্রিটে। এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারদরেও। এর আগে গত সপ্তাহে ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে মাইক্রোসফটও ৬০ হাজার কর্মীর জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয়।

সাম্প্রতিক কয়েক প্রান্তিকে গুগলের কর্মীসংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। তবে প্রতিষ্ঠানটি এখন অগ্রাধিকার পাওয়া খাতগুলোতে জনবল ও অন্যান্য সম্পদ স্থানান্তরের চেষ্টা করছে।

এর আগে গত বছর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে গুগলের কয়েকটি বিভাগের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানের নির্বাহীরা জানিয়েছেন, যারা গুগলের কাজের গতি কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে নিজেদের আর মানিয়ে নিতে পারছেন না, তাদের জন্যই এ কর্মসূচি।

তবে অন্তত একটি ক্ষেত্রে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে কর্মী ছাঁটাইও করা হয়েছিল।

গুগলের প্রধান অর্থ কর্মকর্তা আনাত আশকেনাজি বিভিন্ন প্রান্তিকের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপনের সময় এআই ও ক্লাউড কম্পিউটিং খাতকে কর্মী নিয়োগের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। এর আগে গুগলের ক্লাউড বিভাগ এবং এআই গবেষণাপ্রতিষ্ঠান ডিপমাইন্ডের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবের বাইরে রাখা হয়েছিল। নতুন করে কর্মসূচি সম্প্রসারণের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুইজারল্যান্ডে কর্মীদের চাকরি ছাড়ার প্রস্তাব

সুইজারল্যান্ডে গুগলের প্রায় পাঁচ হাজার কর্মী রয়েছেন। দেশটির জুরিখে প্রতিষ্ঠানটির বড় একটি প্রকৌশলকেন্দ্রও রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডে গুগলের একাধিক বিভাগে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও ডিপমাইন্ডকে এর বাইরে রাখা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, জুনের মাঝামাঝি কর্মীদের এ প্রস্তাব জানায় গুগল। যারা আবেদন করেছিলেন, জুলাইয়ের মাঝামাঝি তাদের সিদ্ধান্ত জানানো হয়। প্রস্তাব গ্রহণকারী কর্মীরা প্রতিষ্ঠানে কাজের প্রতিটি বছরের জন্য এক মাসের বেতন পেয়েছেন। তবে সর্বোচ্চ ১২ মাসের বেতন পাওয়ার সুযোগ রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, প্রায় ৫০ জনের একটি দলের অন্তত চারজন কর্মী এ প্রস্তাব গ্রহণ করেছেন। আগস্ট থেকে দেশটিতে কর্মীদের চাকরি ছাড়ার প্রক্রিয়া শুরু হয়।

এর আগে ২০২৩ সালে সুইজারল্যান্ডে গুগলের দুই শতাধিক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে কর্মীরা বিক্ষোভ করেন এবং কর্মবিরতিও পালন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত