পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৩১ সে) ভোররাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) ও মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের লক্ষ্মীর হাট এলাকার চুলিয়ার মোড়ে মৃত মানিকের জানাজায় অংশ নিতে চারজন একটি মোটরসাইকেলে রওনা দেয়। পথিমধ্যে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তৌহিদুল ইসলাম ও আমিন শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাছভর্তি ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, একজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল হতে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
