কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য আর কোনো দলের দরকার নেই, আওয়ামী লীগই যথেষ্ট। বিএনপিও এ থেকে বেশি দূরে নেই। সম্প্রতি গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত হেরে গেছেন। কেউ কি আগের দিন পর্যন্ত জানতেন তিনি হারবেন? তাকে হারানো দরকার ছিল, তাই আওয়ামী লীগের লোকেরাই জাহাঙ্গীরের মায়ের পক্ষে অনেক বেশি কান্নাকাটি করেছে।
গতকাল শুক্রবার গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সম্মেলনটি উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ বীরপ্রতীক, কেন্দ্রীয় সদস্য ফেরদৌস আলম প্রমুখ।
