স্কুলপর্যায় থেকে শুরু হয়েছে সচেতনতা কার্যক্রম

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৭:২৬ এএম

এখন থেকে ৩৭ বছর আগে জাপানের ট্রাফিক সিস্টের অনেক খারাপ ছিল, সড়কে অনেক দুর্ঘটনা ঘটত। সেখান থেকে উত্তরণের জন্য তারা স্কুলপর্যায় থেকে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম শুরু করে। তারই ফলে জাপান বর্তমান বিশে^র অন্যতম সুন্দর স্থানে পরিণত হয়েছে। ঢাকা মহানগরীর সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে স্কুলপর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। শিশুদের জন্য তৈরি করা হবে ‘চিলড্রেন পার্ক’, যেখানে হাতে-কলমে শেখানো হবে সড়কে চলাচলের নিয়ম।

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’-এর সঙ্গে সংশ্লিষ্ট জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিরা। ডিএমপি ও জাইকা যৌথভাবে তিন বছরমেয়াদি ডিআরএসপি বাস্তবায়ন করছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে রোড সেফটির বিষয়টি জানানো। আমরা হয়তো এসব উদ্যোগের তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাব না। তবে আজ আমরা বাচ্চাদের যা শিখাব, এখন থেকে ৫ বা ১০ বছর পরে তার ফলাফল পাব। এ ছাড়া জেব্রা ক্রসিং সম্পর্কে রাজধানীর অনেক মানুষই জানে না বলে জানান বক্তারা।

ডিআরএসপির এক্সপার্ট টিমের ট্রান্সপোর্ট প্ল্যানার তেটসুই ইরি বলেন, এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ঢাকা মহানগরীতে বসবাসকারী সাধারণ মানুষ, যানবাহনের চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা। ইতিপূর্বে ডিএমপির পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। জাইকা রোড সেফটি প্রজেক্ট বিশে^র বিভিন্ন দেশে কাজ করছে। বিশে^র বিভিন্ন দেশের মানুষকে সচেতনতামূলক কর্মকান্ডে তারা কীভাবে সম্পৃক্ত করছে এবং সে দেশের মানুষের মাইন্ড সেটিং কীভাবে চেঞ্জ করছে, সেগুলো নিয়ে আরও দুই বছর কাজ করা হবে। তিন বছরমেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, ঢাকা মহানগর এলাকায় সর্বাত্মক সড়ক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা বৃদ্ধি।

ডিএমপি কর্র্তৃক ডিআরএসপি শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি ঢাকা মহানগর এলাকায় গত বছরের মার্চ মাস থেকে জাইকার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আউটপুটগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত