বলিউডে রাজত্ব অন্ধকার দুনিয়ার। কালো টাকা সাদা করতে একাধিক ‘ডন’ হিন্দি ছবিতে টাকা ঢালত। সেই সুবাদে বহু নায়ক-নায়িকার ওপর তারা অধিকারও কায়েম করত। সেই সদ্ভাবের জোরে বলিউডে রাজত্ব চালাতেন সেই সব ‘স্নেহধন্য’। বদলে ডনদের ডাকা পার্টিতে তাদের উপস্থিত থাকতে হতো। আমন্ত্রণ না রাখলে? জীবন সংশয়। সেই কারণেই চট করে অপরাধ দুনিয়ার মাথাদের বিরাগভাজন হওয়ার চেষ্টাও করতেন না কেউ। এখানেও ব্যতিক্রম আমির খান। তিনি ওই সময় দাঁড়িয়ে একের পর এক ডনের আমন্ত্রণ অগ্রাহ্য করেছিলেন।
এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় প্রযোজক মহাবীর জৈন। তিনি জানিয়েছেন, সত্যিই নব্বই দশকে বলিউডে ডনদের রাজত্ব ছিল। তাদের ভয়ে গুটিয়ে থাকতেন বলিউড তারকারা। আরব আমিরাতে প্রায়ই পার্টি হতো তাদের। মন থেকে না চাইলেও তারকারা সেই আমন্ত্রণ রাখতে বাধ্য হতেন। সেই সময় ডনদের পার্টিতে যোগ দেওয়া বহু তারকার নাম প্রকাশ্যে এসেছিল। তাদের ভিডিওও ভাইরাল হয়েছে। একমাত্র এই পথে হাঁটেননি আমির। তিনি সটান জানিয়ে দিয়েছিলেন, যত বড় ডনই হোক, তিনি আমন্ত্রণ রক্ষা করবেন না। এবং নিজের কথা রেখেওছিলেন। একের পর এক আমন্ত্রণ তার কাছেও এসেছে। তিনি বিনয়ের সঙ্গে সে সব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে যেকোনো সময় প্রযোজক-পরিচালক-অভিনেতা খুন হয়ে যেতে পারতেন। কিন্তু সেই ভয়ও তাকে টলায়নি।
প্রযোজকের আরও দাবি, ক্রমে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে আমিরের পথে হেঁটেছেন অনেকেই। বলিউড ডনদের কালো ছায়া থেকে মুক্ত। এক নীতির মানুষ আমির তাই আজ বলিউডে বিশেষ জায়গায়। প্রযোজক একই সঙ্গে এও জানিয়েছেন, আমিরের এই ন্যায়-নীতি অনেকেই বুঝতে পারেন না। তার মতো এক কথার মানুষকে ভুল বোঝেন বেশির ভাগ মানুষ। তারকা অভিনেতাকে যারা সঠিক চেনেন তারা জানেন, তার মতো সৎ এবং পরিশ্রমী খুব কম জনই আছেন।
