আলোচিত-সমালোচিত অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই সহশিল্পী রিয়া চৌধুরী। হিরো আলমের ফেসবুক পেজ থেকে নিয়ে গালিগালাজ করা হয়েছে দাবি করে গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় জিডিটি করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জিডির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই নাদিমুল হক নোমান।
জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করে বলেন, ‘৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ “হিরো আলম বগুড়া” থেকে তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়েকে গালাগালি করেছে। এতে হিরো আলমের ইন্ধন আছে। যার কারণে আমি সামাজিকভাবে মানহানি ও আমার মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকার কারণে আপাতত বিষয়টি সাধারাণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে বা প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।’
এসআই নাদিমুল হক নোমান বলেন, ‘ভুক্তভোগী নারী নিজে থানায় এসে জিডি করেছেন। যেহেতু বিষয়টি সাইবার রিলেটেড, ফলে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।’
এ বিষয়ে হিরো আলম দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ঢাকার আসনে যদি এমপি হয়ে যাই অনেকে এটি মানতে পারছেন না। তারাই এ ধরনের জিডি করিয়েছেন।’
