প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ছয় দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গতকাল রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’ এই কর্মসূচি পালন করে। একই দাবিতে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফের অবস্থান কর্মসূচি করার কথা রয়েছে।
সংগঠনটির সভাপতি মো. ইলিয়াস রাজ বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির একটি প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা প্রণয়ন করে। কিন্তু এখন পর্যন্ত এই বিদ্যালয়গুলোর কোনো সুরাহা করতে পারেনি সমাজকল্যাণ মন্ত্রণালয়। সারা দেশে ১৭ হাজার ৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কর্মরত ৫১ হাজার ৭১২ শিক্ষক-কর্মচারী। যার একাংশ প্রতিবন্ধী ব্যক্তি। সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু প্রায় ৪৭ লাখ।
