টিফিন বাক্স বা ফ্রিজে খাবার রাখার বক্স সাবান দিয়ে যতই ধোয়া হোক না কেন, কেমন যেন একটা গন্ধ থেকেই যায়। বিভিন্ন ধরনের সাবান, সোডা ব্যবহার করেও দুর্গন্ধ কিছুতেই যেতে চায় না। ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার সমাধান করতে পারেন।
টিফিন বক্স বা খাবার বক্স ধোয়ার পর বন্ধ করে রাখা অনেকেরই অভ্যাস। এতে গন্ধ দূর হয় না। বরং সেগুলো ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রাখতে হবে। প্রায় পাঁচ-ছয় ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে ধীরে ধীরে গন্ধ দূর হবে।
লেবুর খোসা ফেলে না দিয়ে খাবার বক্স বা টিফিন বক্স পরিষ্কার করতে ব্যবহার করুন। লেবুর খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। পানি লেবুর খোসা ফুটিয়ে সেই পানি বক্সে প্রায় আধা ঘণ্টা রেখে দিন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দুর্গন্ধ দূর করতে দারুচিনি খুব ভালো কাজ করে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা খাবার বক্সের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। একটি পাত্রে পানি ও দারুচিনি ফুটতে দিন। হালকা ঠা-া হলে এই পানি টিফিন বক্স এবং বোতলে ঢেলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সমপরিমাণ পানি এবং সাদা ভিনেগার একত্রে মিশিয়ে নিন। লাঞ্চ বক্স বা বোতলে এই মিশ্রণটি ভরে সারারাত রেখে দিন। পর দিন সকালে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ভিনেগার হলো প্রাকৃতিক ডিওডোরাইজার, যা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
আলু ব্যবহার করেও গন্ধ দূর করা যায়। বক্সটি ভালো করে ধোয়ার পর, অর্ধেক আলুর মধ্যে এক চিমটে লবণ দিয়ে টিফিন বক্সের ভেতরে ঘষে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন গন্ধ থাকবে না।
