নারায়ণগঞ্জে ফাঁকা গুলি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সেই যুবক হাফিজুর রহমান সোহান (২৭) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত বুধবার রাতে ফতুল্লা মডেল থানার পাগলা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোতালিব ও ওয়াসিম নামের দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত সোহান পাগলা বউ বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাগলা বউ বাজারে জয়নালের গ্যারেজে সোহান ও তার দুই বন্ধুকে ডেকে নিয়ে যায় গ্যারেজ মালিক জয়নাল। সেখানে তাদের কুপিয়ে জখম করা হয়। এতে অংশ নেন জয়নাল, তার ছেলে এবং তার লোকজন। খবর পেয়ে সোহানের পরিবারের সদস্যরা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সোহান মারা যান।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবেন।
২০১৯ সালের নভেম্বর মাসে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোহান নামের এক যুবক ওপরের দিকে গুলি ছুড়ছে। সে সময় প্রথমে এক গণমাধ্যমকর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
