প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ সিনেমায় তিনি অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলীর বিপরীতে। ইতিমধ্যে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভকামনা। সিনেমাটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড়পর্দায় ফের আগমন হচ্ছে, মাহফুজ আহমেদ। আমি সিনেমার যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুবই ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতুহল বেড়েছে। আমি অবশ্যই এই সিনেমাটি বড়পর্দায় দেখবো।
শুধু মাহফুজ আহমেদ নয়, বুবলীকে নিয়েও প্রশংসা করে সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, সিনেমাটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছে। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।
‘প্রহেলিকা’ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সুবর্ণা মুস্তাফা বলেন, গান, গানের চিত্রায়ন খুবই দৃষ্টিনন্দন। আশা করছি পুরো সিনেমাটি এ রকম ভালো হবে। প্রহেলিকার জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।
মাহফুজ আহমেদ ও বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।