বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার যে চলে যাবে, সরকারের যে পতন ঘটবেএটা আশঙ্কা করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অত্যাচার-জুলুম বাড়িয়ে দিয়েছে। এই কাজ সরকার আর করবে না। তারা যতই জুলুম-অত্যাচার করুক, এই সরকারের টিকে থাকার আর কোনো সম্ভাবনা নেই।
গত বৃহস্পতিবার ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর মির্জা আব্বাস এ কথা বলেন।
এদিকে গত শুক্রবার সকালে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটা অত্যন্ত আশঙ্কাজনক। অথচ বরাবরের মতো এখনো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভোটারবিহীন আওয়ামী সরকার সব সময়ই মানুষের বেঁচে থাকার নিরাপত্তাকে উপেক্ষা করেছে।
