সাভারে থানার পাশে সাবেক সিভিল সার্জনের বাড়িতে চুরি

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:০৯ এএম

ঈদের ছুটিতে সাভার মডেল থানার মাত্র দুশো গজের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনের একটি ভবনে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে গৃহকর্তার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক সিভিল সার্জন রফিকুল হাসান খানের মালিকানাধীন ছয়তলা বাড়ির তৃতীয় তলায় এই চুরির ঘটনা ঘটেছে।

চুরির খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

বাড়ির মালিকের ছোট ছেলে আল মামুন হাসান খান জানান, ঈদ উদযাপন করতে গত ২৮ জুন সকালে সপরিবারে পাবনায় নানাবাড়িতে বেড়াতে যান তারা। ছুটি কাটিয়ে গত শনিবার সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন বাসার সব রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারি ভাঙা এবং জানালার গ্রিল কাটা।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটির তিন দিনের মধ্যে যে কোনো সময় ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত