সুপার মার্কেটে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় রেগে যাচ্ছেন গ্রাহকরা

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম

সুপার মার্কেটে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড। সোমবার (০৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার থেকে এই পদক্ষেপটি কার্যকর হয়। এটি একক-ব্যবহারের প্লাস্টিকের বিরুদ্ধে বড় ধরনের সরকারি প্রচারণার অংশ। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বেশিরভাগ ক্রেতা ইতোমধ্যেই তাদের নিজস্ব ব্যাগ নিয়ে দোকানে আসছেন। তবে সুপার মার্কেট কাউন্টডাউনের এক কর্মকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত কার্যকরের পর কিছু গ্রাহক উত্তেজিত আচরণ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু দেশ প্লাস্টিকের ব্যাগের ওপর ফি বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিউজিল্যান্ডের পরিবেশ প্রতিমন্ত্রী রাচেল ব্রুকিং বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় দেশটি অত্যাধিক প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে।

তিনি জানান, ২০১৯ সালে মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ১০০ কোটিরও বেশি প্লাস্টিকের ব্যাগ সংরক্ষণ করা হয়েছে। আর নতুন এই পদক্ষেপটি প্রতি বছর ১৫০ মিলিয়ন প্লাস্টিকের ব্যাগের ব্যবহার রোধ করবে বলে আশা করা হচ্ছে।

সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, ক্রেতারা কেবল ডিসপোজেবল কাগজের ব্যাগে মুদি পণ্য রাখতে পারেন। যা এখনও সুপারমার্কেটে পাওয়া যায়।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আমরা সত্যিই একক-ব্যবহারের প্যাকেজিং কমাতে চাই। আমরা চাই মানুষ তাদের নিজস্ব ব্যাগ আনুক। সুপার মার্কেটগুলো পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি করছে।

বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের সুপার মার্কেট কাউন্টডাউন সারা দেশে ১৮৫টিরও বেশি স্টোর পরিচালনা করে। তারা ইতোমধ্যে পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এ ধরনের পদক্ষেপ ক্রেতাদের ফল এবং সবজির জন্য পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করবে।

কাউন্টডাউনের শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্যাথরিন ল্যাঙ্গাবির বলেন, আমরা জানি পরিবর্তন কঠিন। তাদের আরও একটু সময় লাগবে। এছাড়া আমরা কিছু রাগান্বিত গ্রাহকেরও দেখা পাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত