পুনর্জন্ম’র শেষ নয়, আসছে রাফসান হকের স্পিন অব সিরিজ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম

‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের তুমুল আগ্রহে নির্মিত হয়েছে সিরিজটির চার কিস্তি যা অভাবনীয় সাড়া ফেলে। ঈদে মুক্তির দুই দিনেই সিরিজটির অন্তিম পর্ব দেখেছে ৫৪ লাখেরও বেশি দর্শক, সেইসাথে ইউটিউব ট্রেন্ডিংয়েও রয়েছে শীর্ষ অবস্থানে।

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিরিজটির শেষ পর্ব নিয়ে অনেকের অনেক প্রশ্ন দাঁড়ায়! নির্মাতার ভাষ্যে তিনি এমনটাই চেয়েছিলেন যে দর্শকের মনে ধোঁয়াশা তৈরি হোক!

এবার জানা গেল, যেখানে গল্পের শেষ সেখান থেকে শুরু হচ্ছে নতুন কিছু। অর্থাৎ দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পাওয়া রাফসান হক চরিত্রটি নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে স্পিন অব সিরিজ। সিরিজটির নাম ‘রাফসান হক’। এমনটা নিশ্চিত করেছেন ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ।

তিনি বলেন, ‘পুনর্জন্মের গল্প অন্তিম পর্বেই শেষ, এটা নিশ্চিত করে বলতে পারি। এটার আর কোন পর্ব আসবে না। এই সিরিজটি এবং গল্পের রাফসান হক চরিত্রটি এত জনপ্রিয়তা পেয়েছে যে তার একটা আলাদা ফ্যানবেজ তৈরি হয়েছে। তাদের অনেকেই চান নি যে রাফসান হকের কিছু হোক, যেমনটা ‘কোথাও কেউ নেই’ এর বাকের ভাই চরিত্রটির ক্ষেত্রে হয়েছিল। অন্তিম পর্বে দর্শকের মনে যেসব প্রশ্ন জন্মেছে সেসব কিছুর উত্তর পাবে স্পিন অব সিরিজে।’

তিনি আরও বলেন, ‘রাফসান হককে নিয়ে আমরা স্পিন অব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি, এখন এটুক অ্যানাউন্স করতে পারি। যে সিরিজের নামই হবে ‘রাফসান হক’। স্পিন অব সিরিজ অনেকভাবেই হতে পারে। প্রিক্যুয়াল হতে পারে যেখানে তার পেছনের গল্প দেখানো হয় আবার সামনের গল্পও হতে পারে যে এরপর রাফসান বেঁচে ফিরে কীভাবে বা তার সঙ্গে আসলে কি হয় বা তার পরবর্তীতে রাফসান কি করে! গল্প যেকোন কিছুই হতে পারে তবে এখনই সেটা নিয়ে কিছু বলছি না।’

২০২১ সালের জুলাইতে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, মুকুল সিরাজ, সেন্টু, খায়রুল বাসার, শাহেদ আলী প্রমুখ।

স্পিন অব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত