বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও কুয়েত। ফাইনালে ওঠা দুই দলই গ্রুপ পর্বে ছিল এক সঙ্গে। ভারত ও কুয়েত দুটি দলই এবার আসরে অপরাজিত। সাফের সবচেয়ে সফল দল ভারত। আগের ১৩ আসরের আটবার শিরোপা জিতেছে তারা। কুয়েত টুর্নামেন্ট খেলতে এসেছে অতিথি দল হিসেবে। আজ শেষ হাসি হাসবে কে।
র্যাংকিংয়ে কুয়েতের চেয়ে এগিয়ে ভারত। সুনীল ছেত্রির দল আছে ১০০ নম্বরে আর কুয়েত ১৪১-এ। তবে গ্রুপ পর্বে এ দুই দলের লড়াই শেষ হয় ১-১ সমতায়। অবশ্য ম্যাচটি জিততে পারত ভারত। প্রথমার্ধের ইনজুরি সময়ে ছেত্রির গোলে এগিয়ে গিয়েছিল ভারত। তবে ম্যাচের ৯২ মিনিটে আত্মঘাতী গোল দেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি।
পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন ছেত্রি। আসরে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে ছেত্রির গোলসংখ্যা ৯২। যা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন আজ।
গ্রুপ পর্বে না হারা ভারত সেমিফাইনালে লেবাননের বিপক্ষে জেতে টাইব্রেকারে। ভারতের সেমিফাইনাল জয়ের নায়ক গোলকিপার গুরপ্রিত সিং। কুয়েত সেমিফাইনালে হারায় বাংলাদেশকে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে কুয়েত। তবে সেমিতে দারুণ খেলেন রাকিব-মোরসালিনরা। ১০৭ মিনিটে আব্দুল্লাহ আলব্লাউসির এক নির্বিষ শট জালে জড়ালে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ভারত সাফের প্রস্তুতিটা নিয়েছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে। তাই আজ ফেভারটি হিসেবেই মাঠে নামবে স্বাগতিক ভারত।
