বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। গত চৌদ্দ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল আতঙ্কের শিহরণ, জোরপূর্বক গুম, নারীর প্রতি সহিংসতা অতিমাত্রায় বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনিভাবে আটকের ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্য দিয়ে ওবায়দুল কাদেররা দেশ চালিয়েছেন।
সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে। তিনি বলেন, দেশটা আওয়ামী নেতাদের বাপ-দাদার জমিদারি নয়। যখন যা ইচ্ছে সেটা করবেন এবং বলবেন সেই দিন শেষ হয়ে আসছে। দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে
কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে দলের নেতা ফজলুর রহমান, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
