২০১৯ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে দেড় কোটি টাকার ঘুষ লেনদেনসহ দুর্নীতির অভিযোগে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার মাদারীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় আসামিরা পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সাবেক পুলিশ সুপার মাদারীপুর) সুব্রত কুমার হালদার, বরখাস্ত হলেন হওয়া কনস্টেবল মো. নুরুজ্জামান সুমন, জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পিয়াস বালা, সাবেক টিএসআই গোলাম রহমান এবং মাদারীপুরের বাসিন্দা মো. হায়দার ফরাজী।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬ হাজার ৮০০ জন পুরুষ এবং ২ হাজার ৮৮০ জন নারীসহ ৯ হাজার ৬৮০ জন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য ২০১৯ সালের ২৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জের অধীনে মাদারীপুর জেলায় সাধারণ পুরুষ ১৬ জন ও সাধারণ নারী ৩ জন এবং বিশেষ কোটায় ১৫ জন পুরুষ ও ২০ জন নারীসহ ৫৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। যেখানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের জন্য তিন সদস্যর একটি কমিটি করা হয়। যার সভাপতি ছিলেন মাদারীপুর জেলার তৎকালীন পুলিশ সুপার আসামি সুব্রত কুমার হালদার। নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপ হিসেবে ২০১৯ সালের ২২ জুন শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ছিল ৯৯৩ জন, যাদের মধ্যে ৩৬৪ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন। নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপ হিসেবে ওই বছরের ২৩ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৫৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগের সুপারিশ করে নিয়োগ কমিটি। ওই নিয়োগ চলাকালে ৭৩ লাখ ৫০ হাজার টাকার অবৈধ ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। একই সঙ্গে এ বিষয়ে মাদারীপুর সদর থানায় ছয়টি জিডি করা হয়। বিষয়টি পুলিশ সদর দপ্তর প্রাথমিকভাবে তদন্ত করে এবং আদালত কর্র্তৃক পরে দুদকে পাঠানো হয়। দুদকের অনুসন্ধানকালে মাদারীপুর পুলিশ সুপার অফিস থেকে জব্দ করা ৩২টি লিখিত পরীক্ষার খাতা ও আনুষঙ্গিক রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ১৭ জন প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুত দিয়ে ১ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা ঘুষ নেন আসামিরা।
