এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন সেপ্টেম্বরে: সেতুমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:১৭ পিএম

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ আগামী সেপ্টেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি বলেন, এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, চলতি বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট পর্যন্ত আমাদের টার্গেট। মাঝখানে হাতিরঝিলের অংশ নিয়ে সংশোধনী নিয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রস্তাব আছে। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, গাজীপুর থেকে কাওলা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠে যাবে, এরপর এই গাড়ি ঢাকা-চট্টগ্রামের কুতুবখালীতে গিয়ে নামবে। তাতে ঢাকা শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এখানে যানবাহনে চাপ অনেক কমে যাবে।

প্রকল্পের নথি অনুসারে, সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) তিন ধাপে উড়াল সড়ক প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত। দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এই উড়াল সড়কের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত