গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া জনতা ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার পিয়ন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গোপালগঞ্জ সদর থানার সহযোগিতায় শাহজাদপুর থানা পুলিশ গোপালগঞ্জ জেলা সদরের পূর্ব মিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। গতকাল মঙ্গলবার শাহজাদপুর থানা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
রঞ্জু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের হিসেবে জমা থাকা লাখ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে গতকাল দুপুরে পিয়ন রঞ্জুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
