মিয়ানমার সংকট দূর করতে যা ভাবছে আসিয়ান

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম

মিয়ানমার সংকটের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দ্বিতীয় দিনের আলোচনা শুরু করেছে আসিয়ান। এর আগে আলোচনার প্রথম দিনে অভ্যুত্থান-বিধ্বস্ত দেশটিতে চলা সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানায় আসিয়ান সভাপতি ইন্দোনেশিয়া।

দুই বছরেরও বেশি সময় আগে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা। এরপর থেকেই দেশটিতে ভিন্নমতের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চলছে, যা মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস দীর্ঘকাল ধরে একটি ‘নিষ্ফল কথার দোকান’ বলে সমালোচিত এবং এটি সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টায় বিভক্ত হয়ে রয়েছে।

ইন্দেনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি আলোচনার দ্বিতীয় দিনে তার উদ্বোধনী বক্তব্যে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, কেবল একটি রাজনৈতিক সমাধান একটি টেকসই শান্তির দিকে পরিচালিত করবে। মিয়ানমারে ক্রমাগত এবং ক্রমবর্ধমান সহিংসতা দেখে আমরা এখনও খুব উদ্বিগ্ন। আমরা দৃঢ়ভাবে সব স্টেকহোল্ডারকে সহিংসতার নিন্দা করার আহ্বান জানাই। কারণ এটি বিশ্বাস গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইন্দোনেশিয়ার শীর্ষ কূটনীতিক এই ব্লকের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মিয়ানমারের যুদ্ধরত দলগুলোর মধ্যে সংলাপ পুনরায় শুরু করা এবং একটি আলোচনার মাধ্যমে রাজনৈতিক চুক্তিই হবে দুই বছরেরও বেশি সময়ের অশান্তি দূর করার একমাত্র উপায়। কিন্তু সহিংসতার অবসান এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে পাঁচ-দফা পরিকল্পনা শুরু করার জন্য আসিয়ান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ মিয়ানমারের জান্তা আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করছে এবং তার বিরোধীদের সাথে সমঝোতার দাবি প্রত্যাখান করে আসছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একজন কূটনীতিক বলেছেন, মন্ত্রীরা এখনও আলোচনার দ্বিতীয় দিনে মিয়ানমারের বিষয়ে একটি যৌথ অবস্থানের কথা বলছিলেন কিন্তু আজ বৈঠকের শেষ দিকে ঘোষণাটি জারি করা হবে। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, যৌথ ইশতেহারের প্রাথমিক খসড়ায় মিয়ানমারের অংশ খালি রাখা হয়েছে।

আসিয়ান তার সরকারি উচ্চ-পর্যায়ের বৈঠকে মিয়ানমারের যোগদান থেকে বিরত রাখার ব্যাপারে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করেছে, কিন্তু থাইল্যান্ড গত মাসে জান্তার পররাষ্ট্রমন্ত্রীকে বিতর্কিত ‘অনানুষ্ঠানিক আলোচনার’ জন্য আমন্ত্রণ জানিয়েছে যা ব্লকটিকে আরও বিভক্ত করেছে।

আজ বুধবার মারসুদি সেই বৈঠকের সমালোচনা করেন, যেখানে ইন্দোনেশিয়া যোগ দেয়নি। তিনি বলেন, পাঁচ দফা ঐকমত্যের বাস্তবায়ন আসিয়ানের ফোকাস হওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত