আগামী ৮-১০ সেপ্টেম্বর ঢাকায় হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে দেশের প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ইতিমধ্যে একটি জাতীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ শান্তি পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান; বিশিষ্ট শিক্ষাবিদ, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং রাশেদ খান মেননকে কো-চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরীকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি জাতীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া এবং সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলে বৃহৎ শক্তিগুলো এ সময়কালে যেভাবে অস্ত্র এবং যুদ্ধের মহড়া শুরু করেছে তাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা, শান্তি, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়েছে।
