শিক্ষার্থীর পর শিশুকেও পিষে মারল বেপরোয়া বাস

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম

রাজধানীর রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় ভিক্টর ক্লাসিক নামের বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর জন্য তড়িঘড়ি করে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে এবং সেখানে এক শিশুকে চাপা দেয়। এতে ওই শিশুটিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রামপুরা ব্রিজ ও হাতিরঝিল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসানের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, ছোট ভাই জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়। এতে গুরুতর আঘাত পান জাহিদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মিরপুর বাঙলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন জাহিদ। তবে সম্প্রতি চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ২য় বর্ষে অনলাইনে ক্লাস করতেন। আগামী ২৫ আগস্টের আগেই চীনে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছিলো।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

এদিকে রামপুরা ব্রিজের সামনে ওই শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যেতে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে বাসটি। সেসময় সড়কে থাকা মেহেদি হাসান পারভেজ (১৩) নামে আরেক শারীরিক প্রতিবন্ধী শিশুকে চাপা দেয় ওই বাস। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

নিহত পারভেজের মা পারভিন আক্তার জানান, তাদের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা উপজেলায়। বর্তমানে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন কালশী এলাকায় থাকে। পারভেজ শারীরিক প্রতিবন্ধি। তার বাবা রিপন সরদার মানসিক ভারসাম্যহীন ও মা শ্রবণ প্রতিবন্ধী।

পারভিন জানান, তার এক ছেলে এক মেয়ে। ছেলেকে নিয়ে বিকালে মিরপুর থেকে রামপুরা এলাকায় ভিক্ষা করতে যায়। আইল্যান্ডের উপর বসে ছিলো সে। তখন বাসটি তার উপর উঠিয়ে দেয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটি হাতিরঝিলের রাস্তায় ঢুকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাসটি এক শিশুকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি বলেন, চালক পালিয়ে গেলেও বাসটির হেলপারকে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত