ফুটপাতে কলেজছাত্র ও প্রতিবন্ধীকে পিষল বাস

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:১২ এএম

রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট চেকপোস্টে ফুটপাতে উঠে আসা বাসের ধাক্কায় কলেজশিক্ষার্থী ও এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভিক্টর পরিবহনের এক বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ১৩ বছরের প্রতিবন্ধী কিশোর মেহেদি হাসান পারভেজ। গুরুতর আহত জাহিদ হাসান (২৪) নামে কলেজশিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। একই দিন গাজীপুরের টঙ্গীতেও বাসচাপায় প্রাণ গেছে সোয়াদ মাহমুদ ফাহিম (২৩) নামে আরেক কলেজছাত্রের।

দুই দুর্ঘটনা ছাড়াও গতকাল দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২ জন। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিতÑ

হাতিরঝিলে নিহত জাহিদের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, ছোট ভাই জাহিদকে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠিয়ে দেয়। এতে গুরুতর আঘাত পান জাহিদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন তারা। মিরপুর বাঙলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন জাহিদ। তবে সম্প্রতি চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অনলাইনে ক্লাস করতেন। ২৫ আগস্টের আগেই চীনে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছিল। হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) শারমিন আক্তার ইভা জানান, মহানগর চেকপোস্টের পাশে ভিক্টর বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

এদিকে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিহত হয় মেহেদি হাসান পারভেজ নামে আরেক শারীরিক প্রতিবন্ধী। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিহতের পারভেজের মা পারভিন আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। বর্তমানে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন কালশী এলাকায় থাকে। পারভেজ গতকাল ফুটপাতে বসে ভিক্ষা করার সময় বাসচাপায় নিহত হয়।

এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, টঙ্গীতে বাসচাপায় নিহত কলেজছাত্র সোয়াদ মাহমুদ ফাহিম শরীয়তপুরের পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ফাহিম টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন। তিনি ঢাকার তিতুমীর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এসব দুর্ঘটনা ছাড়াও মানিকগঞ্জে দুজন, নাটোরের সিংগাইরে একজন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন, জামালপুরের মাদারগঞ্জে একজন এবং রংপুরের গঙ্গাচড়ায় আরও একজন নিহত হয়েছেন গতকাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত