বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:০১ এএম

গাজীপুর মহানগরীর বাসন এলাকার বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলের এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়কে ছেড়ে কারখানার ভেতর অবস্থান নেন। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় মহাসড়কের টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও কারখানা কর্র্তৃপক্ষ জানিয়েছেন, মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডের প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা সকাল ৮টায় কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে ওই বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। গত জুন মাসের মাসের ১৫ দিনের বেতন সোমবার দুপুর ১২টার আগেই পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনায় সোমবার সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ৪টা ১৫ মিনিটে মহাসড়কের অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত