দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। এসময় ৯ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার রাত ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বালুবাহী ট্রাক ড্রাইভার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী 'মা' এন্টারপ্রাইজ নামে একটি ঢাকার বাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চড়ারহাট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এসময় ৯ জন কোচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাকটি রাস্তা থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাক চালক আকরামের মরদেহ থানা ও শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
