বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান ওমর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তারা জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতাসহ মৌলিক অধিকার হরণ করেছে। দুর্নীতি, লুটপাটের কারণে দেশ আজ অর্থনৈতিকভাবে গভীর সংকটে। সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। মানুষ এই সরকারের বিদায় চায়। তাদের জনপ্রিয়তা এখন শুন্যের কোটায়। এমনকি হিরো আলমও তাদের চেয়ে বেশি জনপ্রিয়। তাই তারা হিরো আলমকে ভয় পায়। ঢাকা-১৭ আসনের ভোটারবিহীন উপনির্বাচনে নৌকা হেরে যাবে দেখে তারা হিরো আলমের ওপর নগ্ন হামলা চালিয়েছে। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা আন্তর্জাতিকভাবেও এখন স্বীকৃত। তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।’ শাহজাহান ওমর গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
×
