দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে ৩৬.৬, রংপুরে ৩৬.৫, শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় ৩৬.৪, চুয়াডাঙ্গা, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট ও ঈশ্বরদীতে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আজ শুক্রবার (২১ জুলাই) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলাসহ মোট ১৩টি জেলার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। ফলে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা,খুলনা ও বরিশার বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িশ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজ্যস্থান, মধ্য প্রদেশ, উড়িশ্যা, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
