যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের এক নির্দেশে বলা হয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রসীমা সংস্থায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব থেকে প্রিস্টাইকোকে অপসারণ করা হয়েছে। তবে এর পক্ষে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গত তিন বছর ধরে যুক্তরাজ্যে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ধারণা করা হচ্ছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে নিয়ে জেলেনস্কির ব্যঙ্গাত্মক মন্তব্যের সমালোচনা করায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। ওই প্রসঙ্গে প্রিস্টোইকো ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘ওই ব্যঙ্গ করাটা আমার ভালো মনে হয়নি। রাশিয়াকে জানান দেওয়া উচিত ছিল যে আমরা একসঙ্গে কাজ করছি।’ প্রসঙ্গত, বেন ওয়ালেস বলেছিলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মিত্র দেশগুলো যে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে সেজন্য কিয়েভের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা।’ এর জবাবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছিলেন, কীভাবে তাকে কৃতজ্ঞতা জানাতে হবে তা যেন বলে দেন ওয়ালেস।
×
