ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রাত হলেই মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত এলাকা যেন ভয়ংকর হয়ে ওঠে। প্রতিনিয়তই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রক্ষা পাচ্ছে না ছিনতাইয়ের কবল থেকে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত এলাকার মধ্যে পাঁচটি স্পটে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে। স্থানগুলো হলো, সাইনবোর্ড ও সানারপাড় বাসস্ট্যান্ডের মাঝামাঝি বাগদাদ টেক্সটাইলসংলগ্ন এলাকা, পিডিকে সিএনজি পাম্পসংলগ্ন এলাকা, সানারপাড় থেকে মৌচাক বাস স্ট্যান্ডের মাঝামাঝি স্থান, মৌচাক থেকে মাদানীনগর বাসস্ট্যান্ডের মাঝখানে ও কাঁচপুর সেতুর নিচের আন্ডারপাস সড়ক।
জানা গেছে, গত ১৩ জুলাই রাতে সানারপাড় বাসস্ট্যান্ড থেকে দুটি মোটরসাইকেল যোগে চারজন ছিনতাইকারী এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ আট হাজার টাকা ও একটি স্মার্ট ফোন সেট নিয়ে যায়, ১০ জুলাই রাতে মহাসড়কের ১০ তলা ভবন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা শিলা আক্তার। তিনি জানান, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে এসে রাত ১২টায় গাড়ি থেকে মাদানীনগরে নামেন। এ সময় একদল ছিনতাইকারী এসে তার মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও লাগেজ নিয়ে যায়। গত ১২ জুন রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতুর নিচে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী বাসচালক শিপন মিয়া ও হেলপার রনি শেখকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সারা দিনের আয় ছিনিয়ে নেয়। এ ঘটনায় চালক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জুন লিখিত অভিযোগ করেন। তার আগে মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর। গত বছর মাদানীনগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন সেনা সদস্য শাহীন আলম। সর্বশেষ গত ১১ জুলাই রাতে কাঁচপুর সেতুর ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন আরমানুল ইসলাম রোহান। সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) একেএম শরফুদ্দিন বলেন, ‘ছিনতাই প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। সড়কে ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই।’
