ইত্যাদি এবার মুন্সীগঞ্জে

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম

দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেশ সম্পর্কে জানাতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ^রী-ইছামতী নদীবিধৌত মুন্সীগঞ্জে। গত ১৪ জুলাই ইছামতী নদীর তীরে ঐতিহ্যবাহী প্রতœ নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে-পুকুরের মাঝখানে মঞ্চ নির্মাণ করে এর শুটিং হয়। যা দূর থেকে দেখে মনে হবে কেল্লার সামনে আরও একটি ভাসমান কেল্লা। হাজার হাজার দর্শক সুশৃঙ্খলভাবে উপভোগ করেছে তাদের প্রিয় অনুষ্ঠানের ধারণ। কিছুক্ষণ পরপরই দর্শকদের তালিবৃষ্টি আর আনন্দ চিৎকারে গোটা মুন্সীগঞ্জ শহরই যেন সেদিন আনন্দনগরীতে পরিণত হয়েছিল। এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। রয়েছে মুন্সীগঞ্জ নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। দর্শক পর্বে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জের আরও দুই নন্দিত শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বালাম। ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তার প্রয়াত ৪ বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ। নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে নাটিকায় অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ। এ ছাড়া মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের ৪ বোনের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন। ইত্যাদিতেই প্রথম পরিবেশিত হয় বিশ্বের বিস্ময়কর বিষয়ের ওপর বিদেশি প্রতিবেদন। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে আমেরিকার শিকাগো শহরের ওপর একটি প্রতিবেদন। মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেন প্রবাসী জাদুশিল্পী ফারহানুল ইসলাম। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৮ জুলাই, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত