এক ঘণ্টা পর শুরু ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:৩১ এএম

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত হওয়ায় বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গতকাল শনিবার বিকেল ৪টায় পরীক্ষা শুরু হওয়ার পূর্বনির্ধারিত সময় থাকলেও শুরু হয়নি। ফলে ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থী কেন্দ্রে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেল ৫টায় পরীক্ষা শুরু হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, পরীক্ষার দিন প্রশ্ন ছাপিয়ে নিয়োগ পরীক্ষা নেয় ফায়ার সার্ভিস। বিএনপির কর্মসূচির ফলে সড়কে জ্যাম এবং প্রশ্ন ছাপাতে কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হওয়ায় একটি কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন পৌঁছাতে কিছুটা দেরি হয়। ফলে পরীক্ষা শুরু হতে কিছুটা দেরি হয় ওই কেন্দ্রে। পরে সবারই পরীক্ষা নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা আন্দোলন করেছে তাদের অনেকে পরীক্ষার্থী নয়। রমনা থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে পরে ছেড়ে দিয়েছে। জানা গেছে, কম্পিউটার অপারেটর, ওয়ারলেস মেকানিক, অফিস সহকারী, স্টোর সহকারী, ইলেকট্রিশিয়ান ও অফিস সহায়কের পদে নিয়োগ পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রমনা থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায় আন্দোলন করেছিল পরীক্ষার্থীরা। পরে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত