কোক স্টুডিও বাংলার নতুন গানে লাকী আখন্দ স্মরণ

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:১১ পিএম

নতুন গান ‘ঘুম ঘুম’ দিয়ে কিংবদন্তি সুরকার প্রয়াত লাকী আখন্দের প্রতি সম্মান জানাল কোক স্টুডিও বাংলা। গানটি গেয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা, সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাশ শুভ। এস এম হেদায়েতের লেখা ও লাকী আখন্দের সুর করা মূল গানটি ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘুড্ডি’তে ব্যবহৃত হয়। পাকিস্তান থেকে দেশে ফেরার পর ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহ্র গাওয়া প্রথম গান। এই কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সঙ্গে জ্যাজ সংগীতের মিশ্রণ ঘটানো হয়েছে। এ ছাড়া ল্যাটিন বিট গিটার, ট্রম্বোন ও ডাবল বেইজের সঙ্গে শুভর সুর এবং ফাইরুজের গম্ভীর কণ্ঠ শ্রোতাদের এক জাদুময় জ্যাজভরা অভিজ্ঞতা দেবে বলে কোক স্টুডিও বাংলার বিশ্বাস। দর্শকদের সুন্দর একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে গানের সেট ডিজাইন করা হয়েছে ক্যাবারে জ্যাজ ক্লাবের আদলে। ফাইরুজ নাজিফা বলেন, ‘কোক স্টুডিও বাংলা পরিবারের অংশ হওয়া, এই প্ল্যাটফরমে পারফর্ম করতে পারা একটি চমৎকার অভিজ্ঞতা। লাকী আখন্দ ও শাহনাজ রহমতুল্লাহ্র মতো কিংবদন্তি শিল্পীদের সৃষ্টি করা গান কাভার করব জানতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম। গানটির প্রতি সুবিচার করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি সবাই গানটি উপভোগ করবেন।’ শুভেন্দু দাশ শুভ বলেন, ‘যেকোনো কালজয়ী গান রিমেক করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। শিল্পীরা সেই চ্যালেঞ্জ সবসময় উপভোগ করে। এই সিজনের জন্য নানা ধারার গান নিয়ে কাজ করা আমাদের পরিকল্পনা ছিল। তাই দর্শককে জ্যাজ গানের স্বাদ দিতে খুবই আগ্রহী ছিলাম। এই গানের সঙ্গে জড়িত সবাই দারুণ কাজ করেছেন।’     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত