প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ককটেল বিস্ফোরণ!

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৫ এএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ককটেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে শান্তুর রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা নিজেদের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলো হালিম রাজ (২৬) ও আব্দুল হালিম (৩০)। দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে তারা (আটক দুজন) এ কাজ করেছে। কয়েকটা ককটেল উদ্ধার করা হয়েছে। তবে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ভেতরে কোনো স্পিøন্টার ছিল না, শুধু বারুদ ছিল।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসে। বর্তমানে সে নিজে গান লেখে, কবিতা লেখে এবং সম্পাদনা করে। তার ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা কবিতা ও গান পেনড্রাইভ, সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। এ নিয়ে সে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে তার মনের ইচ্ছার কথা প্রকাশ করে। কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয়নি। পরে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে তার মনের কথা জানায়।

হালিম রাজ পুলিশকে জানায়, তার কবিতা ও গানের সিডি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেয়। কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ না করায় সে রেগে গতকালের ঘটনা ঘটিয়েছে।

ওসি জানান, আটক দুজনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হালিম রাজ ময়মনসিংহের মো. বাহার উদ্দিনের ছেলে। সে বর্তমানে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পশ্চিম রাজাবাজারে থাকত। আর আটক আব্দুল হালিম লক্ষ্মীপুরের মৃত তোফায়েল আহমেদের ছেলে। সে বর্তমানে রামপুরা এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকত এবং রিকশা চালাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত