মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণ লঙ্ঘনের দায়ে ইতোমধ্যে শাস্তি পেয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর। তবে এতেই মুক্তি মিলছে না তার। বিসিসিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে তাকে।
আচরণবিধি লঙ্ঘনের কারণে হারমানকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আর এই শাস্তির বিরুদ্ধে ভারতীয় বোর্ডের তরফে আইসিসির কাছে কোনো রকম আবেদনও করবে না বিসিসিআই।
ভারতীয় বোর্ড সচিব জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এমন বহিঃপ্রকাশের কারণ জানতে তলব করা হতে পারে হারমানকে।
জয় শাহ দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সফরে তৃতীয় ওয়ানডে চলাকালীন হারমনপ্রীত কৌর কী কারণে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেই বিষয়ে তাঁকে রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের সম্মুখীন হতে হবে।’
সিরিজের শেষ ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্টাম্প ভাঙেন হারমান। এছাড়া ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও অপেশাদার আচরণ দেখান তিনি। এই ঘটনায় বোর্ডের জেরার মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রিত কৌর।
পরে গত (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।