গায়ে জড়ানো নেই কোনো শার্ট। পরনে শুধু নীল রঙের শর্টস। চোখে কালো চশমা আছে। মাথায় টুপি। সেটাও আবার উল্টো দিকে ঘোরানো। এর সঙ্গে ম্যাচিং নীল রঙের টেনিস শু। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমনই একটি খোলামেলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যালে।
গত রবিবার ডেলাওয়্যারের রোহোবোথের সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন বাইডেন। ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে প্রেসিডন্টের এই ঘোরাঘুরির ছবি সোশ্যালে পোস্ট করেন হোয়াইট হাউসের প্রেস সচিব।
একই সময় সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন সাংবাদিক এরিক গেলার। তিনি বলেন, আমরা অনলাইনে জানলাম জো বাইডেন সেখানে ছিলেন। পরে তিনি কেমন ছুটি কাটাচ্ছেন দেখতে গেলাম ও একটি ছবি তুললাম। এ সময় সৈকতজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
জো বাইডেন মার্কিন ইতিহাসের অন্যতম বয়ঃজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। অনেকে মনে করছেন ২০২৪ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে ৮০ বছর বয়সী বাইডেন শারীরিকভাবে আদৌ ফিট কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বলা যায়, এবার বাইডেনের শার্ট ছাড়া ছবি তার স্বাস্থ্যের একটু ঝলকই দেখাল।
সূত্র: পলিটিকো