সুষ্ঠু, অবাধ নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ বলে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দপ্তরে সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে আর কোনো আলোচনা হয়েছে কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমার সঙ্গে সেভাবে কথা হয়নি।’
আইনমন্ত্রী বলেন, ‘সারাহ কুকের সঙ্গে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আমাদের কথাবার্তা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, তিনি বাংলাদেশের উন্নয়নের দিকে লক্ষ রাখবেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বরে জানান আইনমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স উপদেষ্টা মো. রফিকুজ্জামান, হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।
