জামালপুরে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম

জামালপুর জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦র নিয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৩৫ জন ডেঙ্গু রোগী।

গতকাল জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে এ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫ জন। তাদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১৬, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন। এ পর্যন্ত সারা জেলায় ডেঙ্গুজ্বর নিয়ে ৩০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জামালপুর জেনারেল হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ১ হাজার ১৬৭টি কিট মজুদ রয়েছে।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের ডাক্তাররা তাদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, র‌্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার জন্য সবাইকে বলা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত