স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ২৪০ কেজি গাঁজা

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩৭ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত দুই গাড়িতে ২৪ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা সদস্যরা।

গতকাল সোমবার সকাল ৬টার দিকে নাটোর জেলার সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নুর আলিম সরকার মিলন (৩৭), মোমিনুল ইসলাম (৩৬) ও হোসাইন আহম্মেদ (২৩)। গতাকাল সকাল সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক চোরাচালানে ব্যবহৃত মূল্যবান গাড়িতে ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্টিকার। চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে। তারা বিভিন্ন কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আরও বলেন, মাদক পাচারকারীরা কৌশল হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করেছিল।

এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারীরা নতুন এই পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চলাচ্ছে। এ অবস্থায় এ ধরণের গাড়ির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত