১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সৌদি নারী

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম

কথায় আছে ‘শেখার কোন বয়স নেই’। এই কথাটিই যেনো প্রমাণ করে দিলেন সৌদি নারী নওদা আল-কাহতানি। ১১০ বছর বয়সেও নতুন করে পড়াশোনা শুরু করেছেন তিনি। তাই এই বয়সেও স্কুলে ভর্তি হয়েছেন তিনি।

সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর।

প্রতিবেদনে বলা হয়, নওদা আল-কাহতানি চার সন্তানের জননী আল-কাহতানির বাড়ি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উমওয়াহ এলাকায়। পড়াশোনায় অদম্য আগ্রহের কারণে স্থানীয় আল-রাহওয়া সেন্টারের সহায়তায় নতুন করে স্কুলে ভর্তি হয়েছেন তিনি।

কয়েক সপ্তাহ আগে আল-রাহওয়া সেন্টার পরিচালিত নিরক্ষরতা দূর করার একটি প্রকল্পে যোগ দেন আল-কাহতানি। এর পর থেকে নিয়মিত তিনি বিদ্যালয়ে যাচ্ছেন। আরও ৫০ জনের বেশি সহপাঠীর সঙ্গে ক্লাস করছেন।

তার চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর ছুঁয়েছে। আর সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০-এর ঘরে। পড়তে ও লিখতে শেখা তার জীবন পরিবর্তন করে দিয়েছে বলে জানান তিনি।

তবে ১০০ বছরে এসে পড়াশোনা শুরু করা যে কারো জন্যই অনেক কঠিন বিষয় বলে জানান আল-কাহতানি।

আল-কাহতানি জানান, তিনি যে এলাকায় বাস করেন সেটি গ্রামীণ এলাকা, ভৌগোলিকভাবে এটি বিচ্ছিন্ন। সে কারণে পড়াশোনা করতে পারেননি তিনি। তার মত আরও শত শত মেয়ে পড়াশোনা করতে পারেনি বলেও জানান তিনি।

তবে নতুন করে পড়াশোনা শুরুর বিষয়ে আল-কাহতানিকে সমর্থন ও সহযোগিতা করেছেন তার চার সন্তান। তার ৬০ বছর বয়সী ছেলে মোহাম্মদ বলেন, তিনি প্রতিদিন সকালে তার মাকে কেন্দ্রে নিয়ে যান এবং ক্লাস শেষে তাকে নিয়ে আসেন। তিনি খুশি এবং গর্বিত যে, তার মা প্রতিদিন নতুন কিছু শিখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত